‎রাজধানীর কদমতলীতে ব্যবসায়ী হাসানকে গুলি করে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি সাজেদুর রহমান মহিন ওরফে ‘স্যুটার মহিন’কে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

‎গতকাল বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব-১০ এর অধিনায়কের পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, গত ৬ মে বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে ঢাকা মহানগরের কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের রেললাইন সংলগ্ন কাঁচা সড়কে এ ঘটনা ঘটে। এজাহারভুক্ত প্রধান আসামি সাজেদুর রহমান মহিন ওরফে স্যুটার মহিনসহ অন্যান্য আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ব্যবসায়ী হাসানের পথরোধ করে। এ সময় তারা তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করে এবং নগদ ১৯ লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একই সঙ্গে ভুক্তভোগীর ব্যবহৃত প্রাইভেটকারও ভাঙচুর করা হয়।

‎ঘটনার পর ভুক্তভোগী হাসান কদমতলী থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে র‍্যাব-১০ আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে।

‎র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত মহিন হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে প্রায় ছয়টি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।