বগুড়ার কাহালু উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাঁসুয়ার আঘাতে কৃষক মকবুল হোসেন (৭৫) নিহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার ছেলে শহিদুল ইসলাম আহত হন। রোববার উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত শহিদুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মকবুল বাগইল গ্রামের হাসেন আলীর ছেলে।
জানা গেছে, জমিজমা নিয়ে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে শাকিল হোসেন ও সবুজ হোসেনের সঙ্গে মকবুলের বিরোধ চলে আসছে। শাকিল সম্পর্কে মকবুলের নাতজামাই। রোববার বিকালে জমি নিয়ে তাদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাকিল ও তার ভাই সবুজ ধারালো হাঁসুয়া দিয়ে মকবুল ও তার ছেলে শহিদুলকে কুপিয়ে পালিয়ে যান। দুজনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মকবুলকে মৃত ঘোষণা করেন। শহিদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাহালু থানার ইনস্পেকটর (তদন্ত) মাহবুবর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। হামলাকারী শাকিল ও সবুজকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।








