প্রযুক্তির উন্নতির সঙ্গে বদলে যাচ্ছে মানুষের কাজের ধরন। একসময় যে কাজ করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তা কয়েক মিনিটেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে। শিক্ষার্থী, চাকরিজীবী, উদ্যোক্তা কিংবা সৃজনশীল পেশার মানুষ সবাই এখন বিভিন্ন কাজে ব্যবহার করছেন এআই টুল।

লেখা তৈরি, তথ্য বিশ্লেষণ, ই-মেইল লেখা, প্রেজেন্টেশন তৈরি থেকে শুরু করে জটিল বিষয় সহজভাবে বোঝার ক্ষেত্রেও এআই হয়ে উঠেছে কার্যকর সহকারী। যারা নতুন করে এআই ব্যবহার শুরু করছেন, তাদের জন্য রয়েছে এমন কিছু জনপ্রিয় টুল, যা দৈনন্দিন কাজকে আরও দ্রুত ও গোছানো করতে পারে।

আসুন এমন ৫টি এআই টুল সম্পর্কে জেনে নেওয়া যাক-

চ্যাটজিপিটি

এআই চ্যাটবটের দুনিয়ায় সবচেয়ে পরিচিত নামগুলোর একটি চ্যাটজিপি। ওপেনএআইয়ের তৈরি এই টুলটি বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যায়। সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে লেখার মান উন্নত করা, নতুন ধারণা তৈরি, পড়াশোনার প্রস্তুতি, কোডিং সহায়তা কিংবা জটিল বিষয় সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারে এটি।

পেশাজীবীদের জন্য চ্যাটজিপিটি ই-মেইলের খসড়া তৈরি, রিপোর্টের সারসংক্ষেপ, ব্যবসায়িক পরিকল্পনা, প্রেজেন্টেশনের ধারণা এবং দীর্ঘ নথির গুরুত্বপূর্ণ অংশ বের করতে সাহায্য করতে পারে।

আরও পড়ুন

মেটার টুল ঘিরে বিতর্ক, অজান্তেই ফাঁস হতে পারে আপনার ছবি

গুগল জেমিনি

যারা নিয়মিত জি-মেইল, গুগল ডকস, ড্রাইভ কিংবা গুগলের অন্যান্য পরিষেবা ব্যবহার করেন, তাদের জন্য গুগল জেমিনি হতে পারে কার্যকর একটি এআই সহকারী। এটি বিভিন্ন ফাইল বিশ্লেষণ, তথ্য সাজানো, লেখার আইডিয়া তৈরি, নথির সারসংক্ষেপ এবং তথ্য খোঁজার কাজে সহায়তা করে। পাশাপাশি ছবি তৈরি ও বিভিন্ন সৃজনশীল কাজেও জেমিনি ব্যবহার করা যায়।

মাইক্রোসফট কোপাইলট

মাইক্রোসফটের অফিস অ্যাপ ব্যবহারকারীদের জন্য কোপাইলট একটি গুরুত্বপূর্ণ এআই টুল। ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন অ্যাপের সঙ্গে এটি কাজ করতে পারে। এর মাধ্যমে রিপোর্ট তৈরি, ডেটা বিশ্লেষণ, প্রেজেন্টেশন প্রস্তুত, ই-মেইলের খসড়া লেখা কিংবা অনলাইন মিটিংয়ের সারাংশ তৈরি করা যায়। অফিসের নিয়মিত কাজ দ্রুত শেষ করতে এটি বিশেষভাবে সহায়ক।

ক্লদ

দীর্ঘ লেখা, গবেষণাপত্র কিংবা বড় আকারের নথি নিয়ে কাজ করার ক্ষেত্রে ক্লদ বেশ জনপ্রিয়। অ্যানথ্রোপিকের তৈরি এই এআই টুলটি বড় ডকুমেন্ট বিশ্লেষণ, সম্পাদনা, সারসংক্ষেপ তৈরি এবং লেখার মান উন্নত করতে সাহায্য করে। শিক্ষার্থী, গবেষক, লেখক কিংবা পেশাজীবীরা দীর্ঘ তথ্যকে সহজভাবে সাজাতে ক্লদ ব্যবহার করতে পারেন।

পারপ্লেক্সিটি এআই

দ্রুত তথ্য খোঁজা ও উৎসভিত্তিক উত্তর পাওয়ার জন্য পারপ্লেক্সিটি এআই অনেকের পছন্দের তালিকায় রয়েছে। এটি সাধারণ সার্চ ইঞ্জিনের মতো শুধু লিংক দেখানোর পরিবর্তে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ও পরিষ্কার উত্তর দিতে পারে। শিক্ষার্থী, সাংবাদিক, গবেষক কিংবা যারা কোনো বিষয় দ্রুত বুঝতে চান, তাদের জন্য এটি বেশ কার্যকর। কোনো পণ্যের তুলনা, সাম্প্রতিক বিষয় বিশ্লেষণ কিংবা তথ্য যাচাইয়ের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায়।

আরও পড়ুন

প্রশ্নের উত্তর ছাড়াও চ্যাটজিপিটি দিয়ে করা যায় দারুণ সব কাজ

এআই ব্যবহারে বাড়ছে কর্মদক্ষতা

বর্তমানে এআই মানুষের বিকল্প নয়, বরং কাজের সহযোগী হিসেবে ব্যবহৃত হচ্ছে। সঠিকভাবে ব্যবহার করতে পারলে এসব টুল সময় বাঁচানোর পাশাপাশি কাজের মানও বাড়াতে পারে। তবে এআই থেকে পাওয়া তথ্য ব্যবহারের আগে যাচাই করে নেওয়া জরুরি, কারণ সব ক্ষেত্রেই শতভাগ নির্ভুলতা নিশ্চিত নয়।

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এআই সম্পর্কে ধারণা রাখা এখন সময়ের দাবি। ভবিষ্যতে আরও উন্নত এআই টুল মানুষের দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলবে এমনটাই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

কেএসকে