চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে এক যুবকের চেয়ারে বসে থাকার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ফতেপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া কিশোরের নাম পারভেজ (১৫)। সে নাচোলের ফতেপুর গ্রামের শহিদুলের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ‘চাঁপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ছবি ভাইরাল হয়। ডিজিটাল কারসাজিতে তৈরি ওই ছবিতে দেখা যায়, নাচোল থানার ওসির কক্ষে ওসির চেয়ারে এক যুবক আয়েশ করে বসে আছেন এবং তার চারপাশে কয়েকজন পুলিশ সদস্য হাতজোড় করে দাঁড়িয়ে আছেন। ছবিটি ছড়িয়ে পড়ার পর পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, “এটি পুলিশ প্রশাসনকে জনগণের কাছে হেয়প্রতিপন্ন করার একটি অপচেষ্টা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা ব্যক্তিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অপরাধ। এ ধরনের অপচেষ্টা রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।\
প্রযুক্তি
ওসির চেয়ারে বসা ‘এআই’ ছবি ভাইরাল, নাচোলে কিশোর গ্রেপ্তার

শেয়ার করুন







