টানা ভারী বর্ষণে কক্সবাজারে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এবার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া এলাকায় পাহাড়ধসে একটি বসতঘর চাপা পড়ে নাসিমা আক্তার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী জসিম উদ্দিন (৪০) ও তাঁদের এক সন্তান গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও তাহমিনা আক্তার জানান, প্রবল বর্ষণের সময় পাহাড়ধসে একটি বসতঘর চাপা পড়ে। এতে নাসিমা আক্তার, তাঁর স্বামী ও সন্তান ঘরের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী ও সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউএনও তাহমিনা আক্তার বলেন, গত তিন দিন ধরে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু অনেকেই সেই নির্দেশনা অনুসরণ করেননি।

এর আগে, গত রোববার দিবাগত রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির, কক্সবাজার শহর ও পেকুয়ায় পৃথক পাহাড়ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। সর্বশেষ এ ঘটনাসহ দুই দিনে কক্সবাজার জেলায় পাহাড়ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।