কক্সবাজার সমুদ্রসৈকত থেকে পা ও মাথাবিহীন একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের সুগন্ধা পয়েন্টে লাশটি ভেসে আসে। আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রাতে জোয়ারের পানিতে অর্ধগলিত লাশটি ভেসে আসে। লাশটি কার এবং মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। এরই মধ্যে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার এসআই মো. সরোয়ার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি বলেন, পা ও মাথাবিহীন লাশটি নারী নাকি পুরুষের, তা নিশ্চিত হওয়া যায়নি। দীর্ঘ সময় সাগরের পানিতে থাকার কারণে লাশটিতে পচন ধরেছে।
এর আগে গত বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপের সৈকত থেকে জোয়ারের পানিতে ভেসে আসা দুটি লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই নারীরা মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা। সাগরে নৌযান ডুবে তাঁদের মৃত্যু হয়েছে।








