কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ইয়াসিন আরাফাত কক্সবাজার পৌরসভার পেশকারপাড়া এলাকার আলিম হোসেনের ছেলে।
জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, সকালে ইয়াসিন বন্ধুদের নিয়ে সমুদ্রে গোসলে নামেন। একপর্যায়ে ঢেউয়ের স্রোতে তিনি ভেসে যেতে থাকেন। বন্ধুদের ডাক-চিৎকারে ঘটনাস্থলে দায়িত্ব পালনরত সি সেফ লাইফগার্ড সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
এর আগে, গত ২৪ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে খুলনার পর্যটক হেলাল উদ্দিন নিখোঁজ হন। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি।
সি সেফ লাইফগার্ড সংস্থার তথ্য অনুযায়ী, গত ১২ বছরে কক্সবাজার সমুদ্রসৈকতে পানিতে ডুবে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। একই সময়ে লাইফগার্ডদের তৎপরতায় ১ হাজার ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।








