কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবে চার জেলের মৃত্যু হয়েছে। ট্রলারডুবির পর সাত জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ একজন। গতকাল সোমবার রাত নয়টার দিকে চার জেলের লাশ উদ্ধার হয়।
নিহত চার জেলে হলেন উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী গ্রামের শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (১৮), আবুল কাশেমের ছেলে মো. করিম (২০), আবদুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২৩) এবং আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দারপাড়ার কামাল উদ্দিন (৪৫)। এ ঘটনায় পেকুয়া উপজেলার নাছির উদ্দিন (১৮) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার বিকেলে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী গ্রামের নুরুল আবছারের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি নিয়ে ১২ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। বৈরী আবহাওয়ায় সোমবার ভোরে ট্রলারটি সাগরে ডুবে যায়। এ সময় মাছ ধরতে যাওয়া অন্যান্য ট্রলারের জেলেরা সাগরে ভাসমান অবস্থায় থাকা পাঁচজনকে জীবিত উদ্ধার করেন। এরপর ডুবে যাওয়া ট্রলারের সন্ধানে নামে কয়েকটি ট্রলার। সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারটি পাওয়া যায়। রাত নয়টার দিকে ট্রলারটি ঘাটে আনা হলে তল্লাশি চালিয়ে ভেতরের একটি কক্ষ থেকে চার জেলের লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসেন। তিনি বলেন, রাতে ট্রলারের ভেতরে মাছ রাখার একটি কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এসব লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিখোঁজ থাকা এক জেলের সন্ধান করা হচ্ছে।
ট্রলারের মালিক নুরুল আবছার বলেন, গভীর সাগরে মাছ ধরার সময় সম্ভবত ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। এরপর বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি উল্টে ডুবে গেছে বলে জানতে পেরেছেন তিনি। নিখোঁজ জেলের সন্ধানে রাত থেকে ট্রলার নিয়ে তল্লাশি চলছে। আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।








