উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘জাস্ট থট এডুকেশন কনসালটেন্ট’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতারণার শিকার হয়ে টাকা ও শিক্ষাজীবন দুই-ই হারানোর আশঙ্কায় আজ রাজধানীর ভাটারা থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, উন্নত দেশে পাঠিয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই এজেন্সি। কিন্তু টাকা নেওয়ার পর কাউকে বিদেশে না পাঠিয়ে হঠাৎ করেই তাদের গুলশান-বাড্ডার অফিসটি বন্ধ করে সংশ্লিষ্টরা আত্মগোপনে চলে যান।মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে এক শিক্ষার্থী বলেন: "বিদেশে পড়তে যাওয়ার জন্য পরিবার শেষ সম্বলটুকু বিক্রি করে এবং ঋণ নিয়ে টাকা জোগাড় করেছিল। এখন টাকাও গেল, দেশের পড়াশোনাও বন্ধ হওয়ার পথে। আমরা সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি।"বিক্ষোভকারীরা তাদের কষ্টের টাকা ফেরত পেতে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে স্লোগান দেন।
রাজনীতি
উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ

শেয়ার করুন







