কলম্বিয়াকে ইতিহাস গড়তে একপ্রকার সহায়তাই করল পর্তুগাল। বাংলাদেশ সময় রোববার ভোরে গ্রুপপর্বের শেষ ম্যাচে মায়ামি স্টেডিয়ামে ‘লস কাফেতারোস’ খ্যাত কলম্বিয়া তাদের ১০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচ গোলশূন্য ড্র করল। এজন্য অবশ্য পর্তুগাল নিজেদের দায়ী করতে পারে। একাধিক সহজ সুযোগ নষ্ট করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল তাদের দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষকে নকআউটে তুলে দিল। এই ম্যাচের সবচেয়ে কম দামি টিকিট বিক্রি হয়েছে দুই হাজার ৬০০ ডলারে। এমন হতাশাজনক ফলের পর পর্তুগালের সমর্থকরা যদি তাদের অর্থ ফেরত চায়, অন্যায্য হবে না সেটা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ব্রুনো ফার্নান্দেজ, পেদ্রো নেতোদের নিয়েও পর্তুগাল আত্মসমর্পণ করে। কে-গ্রুপের শীর্ষস্থান চলে যায় কলম্বিয়ার দখলে। সত্যি বলতে, এই ম্যাচে হারতে পারত পর্তুগাল। প্রথমার্ধে বল পজেশনে কলম্বিয়া ৫৫-৪৫-এ এগিয়ে ছিল। ফার্নান্দেজ সহজ সুযোগ নষ্ট করেন ৩৯ মিনিটে। সেখান থেকে কলম্বিয়া ম্যাচটাকে একপেশে করে তোলে। দ্বিতীয়ার্ধে তারা ১১টি শট নেয়। এর মধ্যে তিনটি ছিল লক্ষ্যে। এই ম্যাচে আবারও নিষ্প্রভ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের ড্রয়ে কোয়ার্টার ফাইনালে মেসি-রোনাল্ডোর দ্বৈরথের সম্ভাবনা শেষ হয়ে গেল। এদিকে কে-গ্রুপের রানার্সআপ হওয়ায় শেষ বত্রিশে পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।








