পর্তুগালের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে গ্রুপসেরা হয়ে নকআউটে উঠেছে কলম্বিয়া। আর সেরা তৃতীয় দলের একটি হিসাবে শেষ-৩২ নিশ্চিত করে ঘানা। এবার দুই দলের একটাই লক্ষ্য-শেষ ষোলো। আগামীকাল সকাল সাড়ে ৭টায় কানসাস সিটিতে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে কলম্বিয়া ও ঘানা। এই ম্যাচের জয়ী দল শেষ ষোলোতে খেলবে সুইজারল্যান্ড অথবা আলজেরিয়ার বিপক্ষে।

উজবেকিস্তানকে ৩-১ ও কঙ্গোকে ১-০ গোলে হারানোর পর পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করে সাত পয়েন্ট নিয়ে কে গ্রুপ-এর শীর্ষে থেকে পরের পর্ব নিশ্চিত করে কলম্বিয়া। তিন ম্যাচে মাত্র এক গোল হজম করে তারা। ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল এবং ২০১৮ সালে শেষ ষোলোতে খেলেছিল কলম্বিয়া। ২০২২ বিশ্বকাপে জায়গাই করে নিতে পারেনি। এবার সেই আক্ষেপ ভুলে আরও দূরে যাওয়ার স্বপ্ন দেখছে দক্ষিণ আমেরিকার দলটি। ঘানা গ্রুপপর্বে পানামাকে হারিয়ে ইংল্যান্ডের সঙ্গে ড্র করে এবং ক্রোয়েশিয়ার কাছে হেরে চার পয়েন্ট নিয়ে নকআউটে জায়গা পায়। ২০০৬ সালে শেষ ষোলো এবং ২০১০ সালে কোয়ার্টার ফাইনাল খেলা আফ্রিকার দলটি আবারও চমক দেখানোর অপেক্ষায়।

কাগজে-কলমে এগিয়ে কলম্বিয়া। তবে ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার শৃঙ্খল রক্ষণ প্রমাণ করে আফ্রিকার প্রতিনিধিদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবু বর্তমান ফর্ম ও আক্রমণভাগের ধার বিবেচনায় শেষ ষোলোর টিকিট পাওয়ার দৌড়ে সামান্য এগিয়ে থাকছে কলম্বিয়া।