পটুয়াখালীর কলাপাড়ায় আল্ আরাফাহ ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট থেকে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে কয়েকশ গ্রাহক সোমবার সকাল থেকে ব্যাংক ঘেরাও করে রেখেছে। ব্যাংকের স্থানীয় এজেন্ট বলেন, তারা গ্রাহকের তালিকা তৈরি করছেন। তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার থেকে ব্যাংকের ক্যাশিয়ারকে খুঁজে পাচ্ছেন না ম্যানেজার। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। গ্রাহকরা ব্যাংকে টাকা উত্তোলন করতে এসে দেখেন তাদের অ্যাকাউন্টে টাকা নেই। মুহূর্তেই ব্যাংকের দুই হাজার গ্রাহকের কাছে একথা ছড়িয়ে পড়ে।
ব্যাংকে টাকা উত্তোলন করতে এসে গ্রাহকরা শূন্য হাতে ফিরে যাওয়ার খবর শুনে রোববার গ্রাহকদের ভিড় বাড়ে। সোমবার শত শত গ্রাহক তাদের ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এজেন্টের শরণাপন্ন হলেও তিনি এর কোনো সুরাহা করতে পারেননি। শুধু গ্রাহকের টাকাই নয়, ব্যাংকের মাদার অ্যাকাউন্ট শূন্য করেও টাকা তুলে নেওয়া হয়েছে। ব্যাংকের পাখিমারা আউটলেটের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব বলেন, ঠিক কত টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও হয়েছেন সেটি এখনো পরিষ্কার না। তারা তদন্ত শুরু করেছেন। ব্যাংকের মাদার অ্যাকাউন্টও শূন্য। তারা গ্রাহকের কাছ থেকে তথ্য ও প্রমাণ সংগ্রহ করছেন। তবে ক্যাশিয়ারের বাবা সাবেক ইউপি সদস্য আবদুর রহিম বাদশা বলেন, তার ছেলেকে বৃহস্পতিবার থেকে খুঁজে পাচ্ছেন না। এভাবে গ্রাহকের টাকা নিয়ে সে পালিয়ে যাবে সেটা তারা জানেন না। যদি সে টাকা নিয়ে থাকে তারা চেষ্টা করবেন তা ফিরিয়ে দিতে। গ্রাহকসহ এলাকার লোকজন অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে ব্যাংকের অপারেশন ম্যানেজার রাহাত ও এজেন্টের লোকজন জড়িত। সুষ্ঠু তদন্ত হলে টাকা আত্মসাতের তথ্য বেরিয়ে আসবে। এজন্য তারা প্রশাসনের সহায়তা কামনা করেন।
তবে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় পুলিশ এ ঘটনায় মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছে।








