জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার যশোরের বিশেষ জজ এসএম নূরুল ইসলাম আসামির জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। জানা যায়, মোস্তাফিজুর রহমান ২০১১ থেকে ২০১৬ সালের ১৪ এপ্রিল পর্যন্ত পৌর মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন। মোস্তাফিজুর ও স্ত্রীর নামে এবং বিভিন্ন উৎসে অর্জিত সম্পদের হিসাব পর্যালোচনা করে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পায় দুদক। পরবর্তীতে দুদক স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ চেয়ে নোটিশ দেয়। নোটিশের জবাবে মোস্তাফিজুর রহমান সম্পদ বিবরণীতে নিজের ও স্ত্রীর নামে মোট তিন কোটি ছয় লাখ ৭ হাজার ৮৫১ টাকা মূল্যের সম্পদের তথ্য জমা দেন। তদন্তে মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী শাহিনুর বেগমের স্থাবর ও অস্থাবর সম্পদের একটি বড় অংশ বৈধ আয়ের চেয়ে এক কোটি ৮৩ লাখ ৫২ হাজার টাকা সম্পদের তথ্য পাওয়া যায়।








