কালীগঞ্জে তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে ভয় দেখিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটেছে উপজেলার জাঙ্গালিয়া মধ্যপাড়া হানিফ দেওয়ানের বাড়িতে। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত হানিফ পলাতক রয়েছেন বলে জানা গেছে। নির্যাতিত শিশু শিক্ষার্থী অটোচালক আসাব উদ্দিন দেওয়ানের মেয়ে। স্থানীয় একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন-অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বুধবার কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। ভিকটিমের মা জানান, আমি সেলাইয়ের কাজ করি। হানিফ কন্ট্রাক্টরের স্ত্রীর সেলাই করা জামাকাপড় দিয়ে মেয়েকে তার বাড়িতে পাঠালে তার বাড়িতে কেউ না থাকায় কৌশলে সে আমার মেয়েকে ঘরের ভেতরে আটকে মেরে ফেলার ভয় দেখিয়ে জোর করে পাশবিক নির্যাতন চালায়। স্থানীয়রা জানান, অভিযুক্ত কন্ট্রাক্টর হানিফ দেওয়ান এলাকায় একের পর এক অপকর্ম করে যাচ্ছেন। তার বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে একাধিকবার বিচার হলেও কোনো তোয়াক্কা করছেন না তিনি।








