থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এ এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুরের কালিয়াকৈরের আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছর বয়সি সামিনা নূর তাজ। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী আয়োজনে এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকরা বিদ্যালয় মাঠ ঘিরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সামিনা সবাইকে তাক লাগিয়ে দিয়ে সংবর্ধনা সভায় ইংরেজিতে তার বক্তব্য উপস্থাপন করে।

সামিনা জামালপুর জেলার মেস্তা এলাকার সানোয়ার হোসেন মামুন ও তাজিমা খাতুন দম্পতির মেয়ে। বর্তমানে তারা পরিবারসহ কালিয়াকৈরে বসবাস করছেন। কাজের সন্ধানে মামুন সপরিবারে কালিয়াকৈরে আসেন। পরে তার মেয়ে সামিনাকে ২০২৩ সালে নার্সারিতে ভর্তি করেন। ভর্তি হওয়ার পর থেকেই সামিনা বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। ২৫ এপ্রিল ঢাকায় প্রথম বাছাই পর্ব এবং ২৩ মে নারায়ণগঞ্জে জাতীয় পর্বে দ্বিতীয় স্থান অর্জনের পর ৩ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে। থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড থেকে ফিরে আসার পর সামিনাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তাকে বই ও ক্রেস্ট প্রদান করা হয়। ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠেয় ইউনিভার্সাল রাউন্ডে বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় সামিনা অংশ নেবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জলিল উদ্দিন, অধ্যক্ষ দিলওয়ার হোসেন, উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক হুমায়ুন কবির, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক পবিত্র কুমার বাকালি।