বড় কোনো সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া সাধারণত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বলেই মনে করা হয়। তবে কখনো কখনো সেই ‘না’ বলাটাই হয়ে ওঠে সাফল্যের নতুন দরজা খোলার চাবি। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। বহুল আলোচিত বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিনেমা ‘কাল্কি ২৮৯৮ এডি’-তে একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েও তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এক ভিন্ন ভূমিকায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কীর্তি সুরেশ জানিয়েছেন, পরিচালক নাগ অশ্বিন প্রথমে তাকে সিনেমার একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেটি ফিরিয়ে দেন। কিন্তু পরিচালক চেয়েছিলেন, যে কোনোভাবেই হোক কীর্তি যেন এ সিনেমার অংশ হন। কীর্তি জানান, একদিন নাগ অশ্বিন তাকে বার্তা পাঠিয়ে মজার ছলে বলেন, ‘অন্তত দেয়ালের ফাঁক দিয়ে উঁকি দিয়ে যাও?’ পরে পরিচালক তাকে জানান, সিনেমায় একটি বিশেষ চরিত্র রয়েছে, যাকে পর্দায় দেখা যাবে না, কিন্তু তার কণ্ঠ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি ছিল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর চরিত্র।

প্রথমে কীর্তি ভেবেছিলেন, হয়তো শুটিংয়ের জন্য তাকে সেটে উপস্থিত থাকতে হবে। কিন্তু পরিচালক স্পষ্ট করে জানান, তার প্রয়োজন শুধু কীর্তির কণ্ঠস্বর। নতুন ও ব্যতিক্রমী এ ধারণা শুনেই রাজি হয়ে যান অভিনেত্রী।

সেই চরিত্রটির নাম ‘বুজ্জি’। সিনেমায় এটি একটি অত্যাধুনিক এআইচালিত যান, যা নায়ক প্রভাসের চরিত্রের সঙ্গী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।