কমলগঞ্জে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে দোকানে আটকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মইদাইল গ্রামে বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। খবর পেয়ে অভিযুক্ত চান মিয়াকে আটক করে পুলিশ। এদিন গভীর রাতে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন।
এদিকে নির্যাতিত শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের রশিদ মিয়ার দোকানের কর্মচারী চান মিয়া বৃহস্পতিবার শিশুটিকে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং অভিযুক্ত চান মিয়া কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনাটি সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে কমলগঞ্জ থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এসআই মিঠু রায় ও এএসআই হামিদুর রহমানের তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত ১০টায় চান মিয়াকে মুন্সিবাজার থেকে আটক করা হয়। শিশুটির বাবা জানান, মেয়েটার সঙ্গে চরম অন্যায় হয়েছে। আমি এমন বিচার চাই; যেটা দেখে কেউ আর এমন ঘটনা ঘটানো সাহস না পায়।
ওসি মো. কমর উদ্দিন জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








