ঢাকার যানজট কমাতে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের আর একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে চার মাসের মধ্যে কাঁচপুরে প্রস্তাবিত টার্মিনাল ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেয়।
নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) নৌবাহিনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেডকে কাজটি বাস্তবায়নের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।








