সদ্য ঘোষিত হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভার কমিটি বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে ছাত্রদলের একাংশ। বৃহস্পতিবার দুপুরে এ অবরোধ করে কমিটি বাতিলের দাবি করেন তারা। আন্দোলনকারী নেতাকর্মীরা বলেন, বিগত সরকারের আমলে যারা হামলা-মামলার শিকার হয়েছে এ কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি। তাই সব বৈষম্য দূর করে কমিটি ঘোষণার দাবি জানান তারা। সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি হান্নান তালুকদারও অংশ নেন এ আন্দোলনে। তার দাবি ত্যাগীদের মূল্যায়ন না করে ঘোষণা করা এ কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়া হোক। এদিকে সড়ক অবরোধের কারণে আটকা পড়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের যান চলাচল। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হকের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেতাকর্মীরা। উল্লেখ্য, সোমবার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১৩ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হয়।








