স্ত্রীর সঙ্গে ঝগড়া করায় কানাইঘাটে জাহাঙ্গীর আলমকে হত্যা করেছে ভায়রা ভাই। হত্যার ঘটনায় তিনি মঙ্গলবার আদালতে দায় স্বীকার করেছেন। এর আগে জাহাঙ্গীর হত্যায় রোববার রাতে কক্সবাজার থেকে ওই ভায়রা ভাইসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ভায়রা শামীম উদ্দিন আদালতে জবানবন্দি দেন। মঙ্গলবার শামীমসহ অপর দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন ডালিম উদ্দিন ও তার ভাগ্নে তারেক উদ্দিন। ওসি আমিনুল ইসলাম জানান, ১৬৪ ধারায় স্বীকারোক্তি রেকর্ড করা হয়েছে শামীম উদ্দিনের। মামলার বাদী নিহতের ছোট ভাই আলমগীর হোসেন বলেন, পূর্বপরিকল্পিতভাবে তার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নিহত জাহাঙ্গীর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ৩য় খন্ড গ্রামের মৃত মুসা মিয়ার ছেলে। উল্লেখ্য, গত বুধবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করায় জাহাঙ্গীর আলমকে স্থানীয় করুনা সুন্দরী দিঘীর রাস্তার পাশে ডেকে নিয়ে যায় ভায়ার ভাই শামীম উদ্দিন। একপর্যায়ে ভাই-ভাগ্নেরা মিলে জাহাঙ্গীরকে কুপিয়ে করে। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জাহাঙ্গীরের মৃত্যু হয়।