গাজীপুরের কাপাসিয়ার বীর উজলী বাজার এলাকায় একটি বেসরকারি মাদ্রাসার নির্মাণকাজে অংশ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বাবুল মিয়া নামে এক শ্রমিক।

এ ঘটনায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে মাদ্রাসার একটি কক্ষে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। তারা জানান, রাতে আশঙ্কাজনক অবস্থায় বাবুল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রবিবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে বাবুল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরিবারের অভিযোগ, উপজেলার বড়চালা গ্রামের বাসিন্দা বাবুল মিয়াকে রবিবার সকালে নির্মাণকাজের জন্য ডেকে নেওয়া হয়। কাজ করার একপর্যায়ে  তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।

আহতের ছেলে শামিম জানান, তার বাবাকে কাজের জন্য সকালে মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়েছিল। দুর্ঘটনার পর তাকে কোনো হাসপাতালে নেওয়া হয়নি। বরং মাদ্রাসার একটি কক্ষে রাখা হয়। রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে বাবুল মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করেন   এবং তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি জানান, প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তার বাবাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার আরো অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে রেফার্ড করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার মোহতামিম দিদারুল ইসলাম খাইরুল বলেন, “কাজ করতে গিয়ে একজন বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাকে মাদ্রাসার কক্ষে রেখে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছিল।”

টোক-নয়ান বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মাইন উদ্দিন বলেন, “আমরা খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”