চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতি মাসে যে পরিমাণ টাকা আয় হয়, তার দ্বিগুণ ব্যয় হয় সেটি পরিচালন ও রক্ষণাবেক্ষণে। টোল থেকে প্রতি মাসে গড়ে তিন কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৯০০ টাকা আয় হয়। আর ব্যয় হয় ৬ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৬৯১ টাকা। কুমিল্লা-৪ আসনের সংসদ-সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম সংসদে এ তথ্য জানান। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, কর্ণফুলী চালু হওয়ার পর প্রাথমিক পর্যায়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খাতে দৈনিক প্রায় ৩৭ লাখ টাকা ব্যয় ছিল। বর্তমান সরকারের পরিকল্পনা, কৃচ্ছসাধন নীতি এবং সেতু কর্তৃপক্ষের প্রচেষ্টার ফলে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ব্যয় হ্রাস করে দৈনিক ২২-২৩ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে।
সংরক্ষিত মহিলা-৪০ আসনের সংসদ-সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী বলেন, যানজট নিরসনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত ২০.৫ কিলোমিটার করিডরে দেশের প্রথম বিআরটি দ্রুত চালু করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি কীভাবে উন্নত করে জনগণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা যায়, সে বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, যেসব মোটরযানের ফিটনেসের মেয়াদ ১০ বছর আগে শেষ হয়েছে, কিন্তু ফিটনেস নবায়ন করছে না এসব মোটরযান সড়ক থেকে অপসারণ ও রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে। যেসব মোটরযানের ফিটনেসের মেয়াদ ৫ বছর আগে শেষ হয়েছে সেগুলো নবায়ন করা হচ্ছে।
ভোলা-৪ আসনের সংসদ-সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী বলেন, মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানো বা বিশৃঙ্খলা রোধ, গণপরিবহণের নিরাপত্তা, অবস্থান নিশ্চিতকরণ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিটি গণপরিবহণে জিপিএস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জামালপুর-৩ আসনের সংসদ-সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ব্যাটারিচালিত রিকশার বিষয়ে সংরক্ষিত আসন-৩৫-এর সংসদ-সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কের পরিবর্তে স্থানীয় ফিডার রোডে চলাচল বাধ্য করতে এ ধরনের মোটরযানের নিবন্ধন বাধ্যতামূলক, মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা, কঠোর রুট নিয়ন্ত্রণ ব্যবস্থা সংবলিত থ্রি হুইলার এবং সমজাতীয় মোটরযান চলাচল নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।
সংরক্ষিত আসন-১১-এর সংসদ-সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ঢাকা মহানগরের অভ্যন্তরে বুয়েটের সহায়তায় তিনটি পৃথক লেভেলক্রসিং গেটে অটোমেটিক ব্যারিয়ার স্থাপনবিষয়ক একটি পরীক্ষামূলক ইম্যুলেশন করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সেখান থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী গুরুত্বপূর্ণ অনুমোদিত সব এলসি গেটে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।








