কর্ণফুলীর মইজ্যারটেক চেকপোস্টে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে আটক এবং তাদের কাছ থেকে ইয়াবা জব্দের ঘটনায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। পুলিশ দাবি করছে, অভিযানে পাঁচ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, প্রকৃতপক্ষে আটক দম্পতির কাছ থেকে ১২ হাজার ইয়াবা জব্দ করা হলেও জব্দ তালিকায় পাঁচ হাজার ৮০০ পিস দেখানো হয়েছে। বাকি ৬ হাজার ২০০ ইয়াবা আত্মসাতের অভিযোগ উঠেছে অভিযানে নেতৃত্ব দেওয়া থানার এসআই ইমরান ফয়সালের বিরুদ্ধে।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড়ে স্থাপিত পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) ইমরান ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে ওই চেকপোস্টে তল্লাশি চালিয়ে কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা রমজান আলী ও তার স্ত্রী দিলোয়ারা বেগমকে আটক করেন। পুলিশের ভাষ্যমতে, তাদের কাছ থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। পরে আটক দম্পতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে জানতে এসআই ইমরান ফয়সালের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘আমরা যা পেয়েছি তা দিয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে মামলা দেওয়া হয়েছে।’