চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য এক চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দোলন কান্তি দে সুমন (৫২) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী কেবি বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম সাধন চন্দ্র। আহত মো. রুবেল (৩০) একই এলাকার বাসিন্দা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মইজ্জ্যারটেক এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দোলন কান্তি দে সুমনের মৃত্যু হয়। অপর চালক রুবেল গুরুতর আহত হন।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আবু সাঈদ বাকের বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। তবে দুর্ঘটনায় জড়িত বাস ও দুটি অটোরিকশাসহ তিনটি যানবাহন জব্দ করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমআরএএইচ/এমআইএইচএস








