রাজধানীর ডেমরায় ফেসবুকে পোস্ট দিয়ে মো. সাইদুল ইসলাম (২০) নামে এক পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা থেকে ১১টার মধ্যবর্তী সময়ে রাজাখালী সাকিন পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসে এ ঘটনা ঘটে।
সেখানকার ২০ তলা ভবনের নবম তোলা ৯০৯ নম্বর কক্ষে থাকতেন তিনি। খবর পেয়ে ডেমরা থানা–পুলিশ ওই দিবাগত রাত ২টার দিকে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত সাইদুল ইসলাম ফেনীর সদর থানার চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তিনি ওই পুলিশ লাইনসের সি কোম্পানিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. সাদেক শুক্রবার বিকেলে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
পুলিশ কনস্টেবল সাইদুল ইসলাম গোপনে বিয়ে করার পর স্ত্রীর সঙ্গে অভিমানে করে এমন ঘটনা ঘটিয়েছেন বলে ফেসবুক পোস্টে ইঙ্গিত করেছেন। ওই পোস্টে তিনি তাঁর বিবাহ সম্পর্কিত আবেগঘন অনেক কথা উল্লেখ করেছেন।
মৃতের পরিবারের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, সাইদুল ইসলাম ব্যারাকে সিলিং ফ্যানের সঙ্গে তাঁর বিছানার চাদর গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার বিষয়ে ব্যারাকের অন্যান্য পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদে পারিবারিক ও মানসিক কারণে সাইদুল ইসলাম আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে সবকিছু স্পষ্ট হয়ে যাবে।
এ বিষয়ে পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসের ইনচার্জ কাজী নুসরাত লুনা বলেন, পারিবারিকভাবে অনুমতি না পেয়ে সাইদুল ইসলাম গোপনে বিয়ে করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়াও বেশ কিছুদিন ধরে তাঁর স্ত্রীর সঙ্গে মনোমালিন্যও চলছিল।
নুসরাত লুনা আরও বলেন, ফেসবুক পোস্টে তিনি আবেগঘন কিছু বিষয় উল্লেখ করতে গিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছেন। এ বিষয়ে ডেমরা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসবে।








