ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। সোমবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক (অটো) চালকের মধ্যকার বিরোধ কেন্দ্র করে। তুচ্ছ ঘটনাটি মুহূর্তের মধ্যে বড় রূপ নেয়। ১নং মূলগ্রাম ইউনিয়নের শামবাড়ি ও নিমবাড়ি গ্রাম এবং ৩নং বাদৈর ইউনিয়নের হাতুড়ি বাড়ি গ্রামের বাসিন্দারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ৩টি গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এই রক্তক্ষয়ী সংঘর্ষ চালানো হয়। কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম উপস্থিত হন। পরিস্থিতি শান্ত রাখতে এবং নতুন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।








