কাশিয়ানীতে স্বামীর শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে রোজিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। রোববার কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের করিম শেখের স্ত্রী এবং পার্শ্ববর্তী বাগঝাপা গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে। নিহতের ছোট বোন সোনিয়া বেগম জানান, বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ চলছিল। বিভিন্ন সময় তুচ্ছ বিষয় নিয়ে করিম তার স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত। শুক্রবার সন্ধ্যায় ঘরের বাজার করা নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে করিম ক্ষিপ্ত হয়ে রোজিনাকে বেদম মারধর করেন। স্বামীর নির্যাতন ও ক্ষোভ-অভিমানে বিষপান করেন রোজিনা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। করিম শেখ বলেন, সংসারে বাজার করা নিয়ে সামান্য দ্বন্দ্বের জেরে সে বিষপান করে।

ওসি মাহফুজুর রহমান জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।