কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের পাঁচ প্রবাসীর বাড়িতে চলছে শোকের মাতম। এদের মধ্যে নিহত কাদির আহমেদের জুলাইয়ে বাড়ি ফেরার কথা ছিল। এর আগেই লাশ হতে হয়েছে তাকে। অন্যদিকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে মাত্র দুই মাস আগে কাতার গিয়েছিলেন জুবের আহমদ। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী। এছাড়া নিহত দুই সন্তানের জনক জসিম উদ্দিনের (৩৮) বাবা-মা কেউ বেঁচে নেই। উপার্জনক্ষম একমাত্র মানুষটিকে হারিয়ে তার পরিবার এখন যেন অনিশ্চয়তার অথৈ সাগরে ভাসছে। উল্লেখ্য, গত রোববার কাজের উদ্দেশে কাতারের দোহা থেকে প্রাইভেটকারে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। এতে কানাইঘাটের পাঁচজনসহ ভারতীয় চালক নিহত হন। নিহত অন্যরা হলেন জিবাল উদ্দিন (৩৫) ও মস্তাক আহমদ (২৭)। এদিকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতদের লাশ দেশে আনার সার্বিক প্রস্তুতি ও পরিবারের আর্থিক সহায়তার জন্য কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার জোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদ্রাসা মাঠে নিহত পাঁচ প্রবাসীর জানাজা অনুষ্ঠিত হবে।








