কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের দুলা মিয়ার ছেলে। তিনি ৭ বছর প্রবাস জীবন শেষে বাড়িতে কৃষি পেশায় নিয়োজিত ছিলেন। জানা যায়, সন্ধ্যায় দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামে তার বাড়ি থেকে রসুলপুর বাজারে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পথচারীরা ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কের পাশের একটি ডোবায় রক্তাক্ত অবস্থায় শফিকুল ইসলামকে পড়ে থাকতে দেখে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় বোন বেগম আক্তার জানান, আমাদের চাচাতো বোনের ছেলে বাবুল ও তার সহযোগীরা আমাদের পৈতৃক জমি দখল করে নেয়। এ নিয়ে তাদের সঙ্গে আমার ভাইয়ের বিরোধ ছিল। বাবুল তার সহযোগীদের নিয়ে শফিকুলকে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমার ভাইয়ের খুনিদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি।
ওসি রফিকুল ইসলাম বলেন, হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।








