ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. মিন্টু ভূঁইয়া (৬১) নামের একজন হাজতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
কারারক্ষী সুজন মাহমুদ জানান, মিন্টু ভূঁইয়া গত বৃহস্পতিবার দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। তিনি কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ১৩৬/২৬। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন তা জানাতে পারেননি ওই কারারক্ষী।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
কাজী আল-আমিন/এমকেআর








