কেন্দুয়ায় টানা বিদ্যুৎ বিভ্রাট ও তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে ক্ষুব্ধ এবং রোববার সকালে আর্জেন্টিনা বনাম জর্ডান ফুটবল ম্যাচের সময় বিদ্যুৎ না থাকায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা যায়, পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় ২৭ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট। বিদ্যুৎ সরবরাহের জন্য কেন্দুয়ায় মোট ১২টি ফিডার সচল রয়েছে। এর মধ্যে কেন্দুয়া এলাকায় ৮টি এবং রামপুর এলাকায় ৪টি ফিডার রয়েছে। যদিও কাগজে-কলমে ফিডারের সংখ্যা ১৩টি। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমে ছিল। রোববার সকালে আর্জেন্টিনা বনাম জর্ডানের ফুটবল ম্যাচ চলাকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সেই ক্ষোভ আরও বেড়ে যায়। তাদের দাবি, এরই বহিঃপ্রকাশ হিসেবে একপর্যায়ে জোনাল অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী ওমর ফারুক বলেন, আমাদের যে পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়, তার বাইরে কিছু করার সুযোগ নেই। ওসি শাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।