শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে আফ্রিকা দেশ কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে প্রথম খেলতে আসা কেপ ভার্দেকে নিয়ে এখন তুমুল আলোচনা। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচকে ঘিরে আলোচনার টেবিলে ঝড় তুলেছে কেপ ভার্দের ডিফেন্স এবং গোলরক্ষক। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও দলটিকে নিয়ে সতর্কতা উচ্চারণ করেছেন।
তবে এখন কেপ ভার্দে ফুটবল দল নয়, রাউন্ড অব-৩২ এর এই ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালির মাথায় ভর করেছে ভিন্ন এক দুশ্চিন্তা। এই ম্যাচে মাঠে নামার আগে আর্জেন্টিনা শুধু প্রতিপক্ষকেই নয়, লড়তে হবে প্রকৃতির সঙ্গেও।
যুক্তরাষ্ট্রেরমিয়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া রাউন্ড অব-৩২ এর এই ম্যাচের আগে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া। এ নিয়ে প্রকাশ্যেই নিজের দুশ্চিন্তার কথা জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় অনুযায়ী ভোর ৪টায়) শুরু হবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, খেলা শুরুর সময় তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে থাকবে প্রায় ৬৭ শতাংশ আর্দ্রতা। আকাশে মেঘ-রোদের লুকোচুরি চলার পাশাপাশি প্রায় ৫৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমনকি বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জর্ডানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে স্কালোনি ম্যাচের সময়সূচি নিয়ে নিজের অসন্তোষও প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের খুব গরমের মধ্যে খেলতে হবে। এমন সময়ে ম্যাচ রাখা সত্যিই বোঝা কঠিন। তবে অন্য দলগুলোও এমন পরিস্থিতিতে খেলেছে, তাই অভিযোগ করার সুযোগ নেই।’
স্কালোনির দুশ্চিন্তা শুধু গরম নিয়েই নয়, বরং গরম ও আর্দ্রতার যুগল প্রভাব নিয়েও। এমন আবহাওয়ায় খেলোয়াড়দের শারীরিক পরিশ্রম অনেক বেড়ে যায়, দ্রুত ক্লান্তি আসে এবং ম্যাচের মধ্যে শক্তি পুনরুদ্ধার করাও কঠিন হয়ে পড়ে। নকআউট পর্বে যেখানে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে, সেখানে পুরো ৯০ মিনিট কিংবা অতিরিক্ত সময়ের জন্য শক্তি বণ্টন করাও বড় চ্যালেঞ্জ।
এই বিশ্বকাপে এর আগেও কঠিন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হয়েছে আর্জেন্টিনাকে। শুরু থেকেই স্কালোনির কোচিং স্টাফ খেলোয়াড়দের ক্লান্তি কমাতে বিশেষ পরিকল্পনা হাতে নেয়। নিয়মিত রোটেশন, পর্যাপ্ত বিশ্রাম এবং ভ্রমণসূচি এমনভাবে সাজানো হয়েছে যাতে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। মিয়ামির এই ম্যাচে সেই পরিকল্পনার কার্যকারিতা আবারও পরীক্ষা দিতে হবে।
অন্যদিকে, কেপ ভার্দেও আত্মবিশ্বাসী। গ্রুপ পর্বে চমক দেখিয়ে উরুগুয়েকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। আফ্রিকান রুক্ষ ও কঠোর পরিবেশে বেড়ে ওঠা কেপ ভার্দে ফুটবলাররা শারীরিকভাবে বেশ ফিট। ফলে আর্জেন্টিনার জন্য ম্যাচটি মোটেও সহজ হবে না।
তবে আবহাওয়াকে কোনো অজুহাত বানাতে রাজি নন স্কালোনি। তার মতে, একই পরিস্থিতিতে খেলতে হবে দুই দলকেই। তবুও গরম ও আর্দ্রতা যে ম্যাচের অন্যতম নির্ধারক হয়ে উঠতে পারে, সেটি ভালোভাবেই উপলব্ধি করছে আর্জেন্টিনা শিবির। তাই কেপ ভার্দের বিপক্ষে মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রকৃতির বিরুদ্ধেও সমানভাবে প্রস্তুত থাকতে হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
আইএইচএস/








