সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন। 

শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশির ছেলে ঠাকুর হালদার (৬৫) এবং কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক আশিক (৩৫)।  আহত ব্যক্তি ঠাকুর হালদারের ছেলে বিষ্ণ হালদার। তিনি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা ও নিহতদের স্বজনরা জানান, ভোরে মাছ ধরার জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার। পরে কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তারা সিরাজগঞ্জ শহরের দিকে রওনা হন। বটতলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশাচালক আশিক ও যাত্রী ঠাকুর হালদারের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

নিহত অটোরিকশাচালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন বলেন, “ভোরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আশিক। সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তারা। সেখানে এসে আশিককে মৃত অবস্থায় দেখতে পান। পরে মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা।”

সিরাজগঞ্জ সদর থানা এসআই শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে বাড়িতে চলে যান। আহত বিষ্ণ হালদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।