ব্যাংকিং জটিলতা এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানের লে-অফ ১৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি নোটিশ কারখানার প্রধান ফটকে টানানো হয়।
লে-অফের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো কেয়া কসমেটিকস লিমিটেডের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।
কেয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না। এ কারণে শ্রম আইন অনুযায়ী ৬ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত সম্ভাব্য ৩৫ দিনের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত আরও সাত দিনের জন্য লে-অফের মেয়াদ বাড়ানো হয়েছে।
লে-অফ চলাকালে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের আইন অনুযায়ী প্রাপ্য সুবিধা দেওয়া হবে। এছাড়া শ্রম আইন অনুযায়ী যারা টানা তিন মাসের বেশি প্রতিষ্ঠানে কর্মরত, তারা সাপ্তাহিক ছুটির দিন ছাড়া লে-অফকালীন দিনের জন্য নির্ধারিত ক্ষতিপূরণ পাবেন।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে শ্রমিক-কর্মচারীদের পুনরায় কাজে যোগদানের বিষয়ে নোটিশের মাধ্যমে জানানো হবে।








