টেকনাফে খাবারের সন্ধানে এসে পা পিছলে আনুমানিক ৩শ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে মা বন্যহাতি গুরুতর আহত হয়েছে। অতি বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ার হাতিটি নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত হওয়া হাতিটি আর উঠতে পারেনি। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত বন বিভাগকে খবর দিলে বনকর্মীরা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক উপস্থিত হন এবং তাকে চিকিৎস দেওয়ার ব্যবস্থা করছে। টেকনাফ রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা আবদুর রশিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ভেটেরিনারি চিকিৎসক হাতিটিকে চিকিৎসা দিচ্ছেন। কয়েক দিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়া গেলে হাতিটি সুস্থ হয়ে উঠতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী বলেন, পাহাড় থেকে পড়ে হাতিটি গুরুতর আহত হয়েছে। হাতিটি মাটিতে শুয়ে রয়েছে এবং সামান্য নড়াচড়া করতে পারছে। বুকে বা পেটে আঘাত পেয়েছে। তার চিকিৎসা চলছে। তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে আসছে।