খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার একমাত্র বিদ্যূৎ সাব স্টেশনে আগুন লেগেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সোমবার (২৯ জুন) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাব স্টেশনের যন্ত্রাংশে আগুন লাগতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুনে বিদ্যুতের একটি পয়েন্ট পুড়ে যায় বলে স্থানীয় সূত্র জানায়। কারো গাফিলতি ছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইবনে গিয়াস জানান, ৩৩/১১ কেবি ক্ষমতাসম্পন্ন সাব স্টেশনে আগুন লাগান খবর তিনি শুনেছেন। সেখানে ইন্সুলেটর ও পাওয়ার এসিআর ড্যামেজ হয়েছে। সেটি মেরামতের কাজ চলছে। সম্ভব দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ চালুর আশা করা হচ্ছে।

১নং লক্ষীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা জানান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনেকে ধারণা করছেন।