ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজধানীর পাড়া-মহল্লা বা বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলো বিশেষ নজরদারি করবে থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
গত সোমবার রাতে বিশ্বকাপ ফুটবলে ম্যাচ দেখা শেষে বের হওয়া আনন্দ মিছিলের অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন্দ্র করে পয়লা জুলাই রাতে নবোদয় হাউজিং সোসাইটিতে সালিশ বসে। সেখানে ছুরির আঘাতে মারা যান স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার।
হত্যার সাথে জড়িত সন্দেহে রিপনসহ চারজনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাজনৈতিক শত্রুতা বা আধিপত্য বিস্তার নয়, তাৎক্ষণিক ক্ষোভ থেকেই ছুরিকাঘাতের ঘটনা। এমনটা জানিয়েছে পুলিশ।
ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, “রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার খুন হওয়ার পেছনে রাজনৈতিক শত্রুতা বা আধিপত্য বিস্তারের প্রমাণ পাওয়া যায়নি।”
তিনি বলেন, “এখন থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাতে বড় স্ক্রিনে খেলা দেখার জায়গায় নজরদারি বাড়াবে পুলিশ।”






