আমতলীতে রাতের আঁধারে জমির রোপণ করা ধানের চারা (বীজ) আওয়ামী লীগ নেতা আলতাফ আকন, সেলিম আকনসহ তাদের সন্ত্রাসী বাহিনী তুলে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদ করায় জমির মালিক অহেদ মুসুল্লী ও তার পরিবারের সদস্যদের সন্ত্রাসীরা দুদিন ধরে বাড়িতে আটকে রেখেছে এমন অভিযোগ জমির মালিক বৃদ্ধ অহেদ মুসুল্লীর। রোববার রাতে অহেদ মুসুল্লীর ভাই ছালাম মুসুল্লী পালিয়ে গিয়ে থানায় অভিযোগ করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে। জানা গেছে, উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রামের অহেদ মুসুল্লী ও তার চার ভাই পৈতৃক সূত্রে ৪.১৫ শতাংশ জমির মালিক। ওই জমি তারা শত বছর ধরে ভোগদখল করে আসছেন। ২০২১ সালে ওই জমি গুলিশাখালী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আ.লীগ সভাপতি আলতাফ আকন ও ভাই সেলিম আকন, খবির আকন, দেলোয়ার আকন সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক দখল করে নেন। নিরুপায় হয়ে অহেদ মুসুল্লী বরগুনা জজ আদালতে মামলা করেন। ওই মামলায় তাদের পক্ষে রায় হয় কিন্তু আদালতের আদেশ অমান্য করে ওই আ.লীগ নেতা জমি ভোগদখল করেন। গত বৃহস্পতিবার বরগুনা জজ আদালতের বিচারক ওই জমি অহেদ মুসুল্লীদের চাষাবাদের নির্দেশ দেন। আদালতের আদেশ পেয়ে তিনি ওই জমি গত শুক্রবার চাষাবাদ শেষে ধানের চারা রোপণ করেন। কিন্তু রাতেই আ.লীগ নেতা আলতাফ আকন ও তার সন্ত্রাসী বাহিনী রোপণকৃত জমির চারা তুলে ফেলেন। শনিবার সকালে এমন কাণ্ড দেখে অহেদ মুসুল্লীর লোকজন এর প্রতিবাদ করলে আলতাফ আকন ও তার সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে এ কাণ্ড ঘটায়। আলতাফ আকন ধানের চারা তুলে ফেলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই জমি আমাদের। আমাদের জমি আমরা চাষাবাদ করেছি।’ আদালতের আদেশের বিষয়ে জানতে চাইতে তিনি তার উত্তর এড়িয়ে যান। থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।