কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হোসেন (৪৫) ও আব্দুল শেখ (৩০) নামে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
শুক্রবার (১৭ জুলাই) মধ্যরাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত ফারুক হোসেন দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ও আব্দুল শেখ আতিয়ার শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার বিরোধ চলছিল। রাতে সামিরুল দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। টের পেয়ে ছালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন, আব্দুল শেখ এবং মুল্লুক মন্ডলকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই ফারুক হোসেন এবং আব্দুল শেখের মৃত্যু হয়।
হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে দুই গ্রুপের মধ্যে গোলমাল হয়। এর জেরে রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।








