খুলনা নগরীর লবণচরা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. রাতুল শেখ (২২) নামের এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতুল লবণচরা থানার হরিণটানা এলাকার প্রেম গলির বাসিন্দা শের আলীর ছেলে। তিনি আবু হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, সকালে রাতুলসহ কয়েকজন যুবক আশিবিঘা এলাকার মাঠে অবস্থান করছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন, রাতুল মাঠের মধ্যে পড়ে আছেন। দুর্বৃত্তরা তার ডান পায়ের ঊরুতে গুলি করে পালিয়ে যায়। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে, সে বিষয়ে স্থানীয়রা কোনো তথ্য জানাতে পারেননি।
লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, পুলিশ হাসপাতালে গিয়ে আহতের খোঁজখবর নিয়েছে। তবে রাতুল এখনো ঘটনার কারণ বা হামলাকারীদের সম্পর্কে পুলিশকে কোনো তথ্য দেননি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।








