খুলনা জেলা কারাগারের (পুরাতন) দেওয়াল টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে (৩০) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পালিয়ে যাওয়ার তিন ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
ইমন শেখকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন খুলনা জেলা কারাগারের সুপার আবু ছায়েম।
তিনি জানান, কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর ইমন শেখ নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলার নিজ বাড়িতে যায়। রাত পৌনে ৮টার দিকে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে কারাগারে ফিরিয়ে আনা হয়।
কারাগার সূত্র জানায়, নগরীর সোনাডাঙ্গা থানার একটি চুরি মামলার আসামি ইমন মাঝি গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে (পুরাতন) বন্দি ছিলেন। বৃহস্পতিবার বিকাল পৌঁনে ৫টার দিকে ইমন মাঝিসহ কয়েকজন হাজতি পুরুষ ওয়ার্ডের মধ্যে দাঁড়িয়ে কথা বলছিল। এক ফাঁকে ইমন মাঝি লাফিয়ে মহিলা ওয়ার্ডের বাথরুমের কাছে যান। পরে তিনি ওই বাথরুমের পাইপ বেয়ে কারাগারের পূর্ব পাশের দেওয়াল টপকে পালিয়ে যান। ঘটনাটি টের পাওয়ার পর কারাগার থেকে পাগলা ঘণ্টা বাজানো হয়।
জেলা কারাগারের সুপার আবু ছায়েম বলেন, কারাগার থেকে হাজতি পালিয়ে যাওয়ার ঘটনাটি জেলা প্রশাসকসহ র্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত ও ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে জানানো হয়।








