কসবায় উত্তরা ব্যাংক পিএলসি গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলামের খুনিদের দ্রুত বিচার দাবিতে বৃহস্পতিবার বিকালে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করা হয়েছে। ব্যাংকার্স ফোরাম কসবা ও কসবা ব্যাংকার্স সোসাইটির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে একাত্মতা ও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতা এসএম কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকার্স ফোরাম কসবার সিনিয়র সহ-সভাপতি সানাউল হক সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, কসবা ব্যাংকার্স সোসাইটির সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, সোমবার রাতে গোপীনাথপুর গ্রিন হসপিটালের সামনে উত্তরা ব্যাংকের কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।