কিশোরগঞ্জের কুলিয়ারচরে অটোরিকশাচালক কুদ্দুস মিয়ার ছেলে জুয়েল মিয়াকে (২০) হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে লক্ষ্মীপুর এলাকা। খুনিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভের পর মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শুক্রবার (১০ জুলাই) বিকেলে প্রকাশ্যে দিবালোকে দুর্বৃত্তদের হামলায় জুয়েল নিহত হন। হত্যাকাণ্ডের কয়েক দিন পার হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে ‘ঐক্যবদ্ধ লক্ষ্মীপুরের জনগণ’ ব্যানারে আগরপুর-পোরাদিয়া সড়কে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। এতে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।বিক্ষোভকারীরা খুনিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ঘোষণা করেন, দাবি মানা না হলে আজ থেকে সব দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। এ ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে লক্ষ্মীপুর বাজার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পুলিশ মোতায়েন করা হয়েছে।নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। জুয়েল কোনো রাজনৈতিক বা স্থানীয় বিরোধের সঙ্গে জড়িত ছিলেন না। তাঁকে সম্পূর্ণ নিরপরাধ অবস্থায় ডিমের গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, “হত্যার কারণ উদ্ঘাটন এবং প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”\