ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২৫১ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন সবচেয়ে বেশি। তবে এই সময়ে নতুন করে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। ৫ জুলাই প্রকাশিত প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অধীন ‘শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নকল্পে’ শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ‘শিক্ষার সঙ্গে শিখি আজ, পরিচ্ছন্নতা সবার কাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষা কার্যক্রমের আওতায় ঢাকা মহানগরী ও জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-ডেঙ্গু প্রতিরোধে শিক্ষকদের সমন্বয়ে মনিটরিং কমিটি ‘ক্লিন স্কুল টিম’ গঠন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ শ্রেণিকক্ষের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও তার সংলগ্ন ড্রেন, খেলার মাঠ, করিডর, খালি জায়গা, ফুলের টব ও আশপাশে যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশ বিস্তার হতে পারে সেসব স্থানে পেশাদার পরিচ্ছন্নতা কর্মীর মাধ্যমে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী, অভিভাবকের সঙ্গে মতবিনিময় সভা ও সচেতনতামূলক সেমিনারের আয়োজনের কথাও এতে বলা হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ১২ জন, রংপুর বিভাগে দুজন, বরিশালে বিভাগে ৬৬ জন এবং সিলেট বিভাগে দুজন রয়েছেন। চলতি বছর বুধবার সকাল পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন সাত হাজার ৫৫৭ জন। সারা দেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬০ জন।








