ভারতের অভ্যন্তরে শুকনো কাঠ সংগ্রহ করতে গিয়ে নিক্ক কন্দ জানী নামে নিখোঁজ বাংলাদেশির লাশ মিলল পাথরের ফাঁকে। বুধবার বিকালে কোম্পানীগঞ্জ সীমান্তের ১২৬০ নম্বর পিলারসংলগ্ন পাহাড়ি তুরং ছড়ার পানিতে পাথরের ফাঁকে লাশ খুঁজে পান তার ভাই নিখিল কন্দ জানী। নিহত নিক্ক কন্দ জানী দমদম সীমান্তঘেঁষা তুরং গ্রামের কুলিবস্তি এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে, পাথরে পা পিছলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলির কোনো ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, প্রতিদিনই এ গ্রামের অনেকেই ভারতের অভ্যন্তরে খাসিয়াদের ফল ও সুপারি বাগানে শুকনো কাঠ ও ফলের বিনিময়ে কাজ করেন। বুধবার সকালে কয়েকজনের সঙ্গে ভারতের ভেতর প্রবেশ করেন নিক্ক কন্দ জানী। দুপুরের মধ্যে অন্যরা ফিরলেও তিনি নিখোঁজ ছিলেন।