বিয়ের এক সপ্তাহ না পেরোতেই হানিমুনে উড়াল দিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ও তার নববিবাহিতা স্ত্রী গৌরী স্প্র্যাট। তবে এই সফরে শুধু তারকা দম্পতিই নন, তাদের সঙ্গে রয়েছেন দুই সন্তানও।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলের বাসভবনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন আমির ও গৌরী। এরপর দুজন পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে।

এই সফরে আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খান এবং গৌরীর আগের পক্ষের ছেলে কুইন স্প্র্যাটও তাদের সঙ্গী হয়েছেন। নতুন পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটানোর উদ্দেশ্যেই এই পরিকল্পনা করেছেন আমির।

জানা গেছে, মেলবোর্নে প্রথমে একটি ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন অভিনেতা। এরপর পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত সময় কাটাবেন তিনি। বিশেষ করে গৌরীর ছেলে কুইন এবং নিজের ছেলে আজাদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করতে চান আমির।

এদিকে বিয়ের পর নতুন ঠিকানার প্রস্তুতিও নিচ্ছেন এই অভিনেতা। মুম্বাইয়ের মেরিনা আবাসনে কেনা তিনটি ফ্ল্যাটে শিগগিরই উঠবেন তিনি। সেখানে আমির ও গৌরীর পাশাপাশি থাকবেন কিরণ রাও, ছেলে আজাদ, বড় ছেলে জুনায়েদ, বোন নিখাত এবং মা জিনাতও।

উল্লেখ্য, প্রায় দুই বছর প্রেমের পর ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির খান। এরপর চলতি মাসে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

 

এলআইএ