দেশের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপু দীর্ঘদিন ধরেই কিডনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তার শারীরিক পরিবর্তন দেখে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা।
ইবরার টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বিন্দু কণা জানান, প্রায় দুই বছর আগে ইবরার টিপুর কিডনি ক্যানসার ধরা পড়ে। এরপর তাকে বড় একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
বিন্দু কণা বলেন, “টিপুর বড় একটি সার্জারি হয়েছে। তাই এখনো কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সম্প্রতি একটি ভিডিও দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন করেছেন, খোঁজ নিয়েছেন। কিন্তু এই মুহূর্তে সবার সঙ্গে কথা বলা তার পক্ষে সম্ভব নয়। আরেকটু সুস্থ হলে টিপু নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবে।”
ইবরার টিপুর জন্য দোয়া চেয়ে বিন্দু কণা বলেন, “দুই বছর আগে টিপুর কিডনি ক্যানসার ধরা পড়ে। এরপর দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের একটি কঠিন সময় পার করতে হয়েছে। এখন সে সুস্থতার দিকেই এগোচ্ছে। আমরা বিষয়টি প্রকাশ করতে চাইনি। তবে সামাজিকমাধ্যমে তার বর্তমান চেহারা দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। তাই সবাইকে জানানো প্রয়োজন মনে করেছি। তার জন্য সবাই দোয়া করবেন।”
এর আগে এক সাক্ষাৎকারেও ইবরার টিপু তার ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি নিচ্ছেন। পাশাপাশি মানসিকভাবে দৃঢ় থাকতে স্টুডিওতে সময় কাটাচ্ছেন এবং নতুন গান তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।
তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন ইবরার টিপু। তার সুর ও সংগীতে দেশের একাধিক প্রজন্মের শিল্পীরা গান গেয়েছেন। বিভিন্ন রিয়েলিটি শোর শিরোনাম সংগীত নির্মাণের পাশাপাশি ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের বহুল আলোচিত স্বাগত সংগীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ নির্মাণ করে ব্যাপক প্রশংসা অর্জন করেন তিনি।
বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইবরার টিপু। দীর্ঘ চিকিৎসা ও সফল অস্ত্রোপচারের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি। তার স্ত্রী বিন্দু কণার আশা, খুব শিগগিরই সুস্থ হয়ে আবারো ভক্তদের মাঝে আগের সেই প্রাণবন্ত ইবরার টিপুকে দেখা যাবে।








