মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎস্যের জন্য যেসব কাজ করলে আপনাদের উপকারে আসে আমি সব কাজ করে দেব, আপনাদের কোনোকিছু চাইতে হবে না, রাস্তাঘাট সব করে দেওয়া হবে। এই এলাকার মা মাটি ও মানুষের নেতা, ১৭ বছর নির্যাতন ভোগ করেছেন, যার সঙ্গে আমাদের আত্মার সর্ম্পক-তিনি হচ্ছেন লুৎফুজ্জামান বাবর ভাই। মদন উপজেলায় উচিতপুর খেলার মাঠে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন অনুষ্ঠানে শুক্রবার প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ সঞ্চালনা সভায় নেত্রকোনা-৪ আসনের সংসদ-সদস্য লুৎফুজ্জামান বাবর বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহণ মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক, ইউএনও নাদির হোসেন শামীম প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, এই এলাকায় পোনা মাছ অবমুক্ত করা হবে। পরে পোনা মাছ অবমুক্ত উদ্বোধন করেন নেত্রকোনা-৪ আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদ-সদস্য লুৎফুজ্জামান বাবর।








