নাটকীয়তায় ভরপুর এক ম্যাচে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। ম্যাচের শেষ ৩৬ মিনিটের বেশি সময় ১০ জন নিয়ে খেলেও জয় ধরে রাখে থমাস টুখেলের দল।

ইংল্যান্ডের এই জয়ের অন্যতম নায়ক জুড বেলিংহ্যাম। তিনিই দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ইংলিশদের কোয়ার্টারের পথে নিয়ে যান।

এই জয়ের পর ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পড়েছে নরওয়ে। যারা ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে নাম লিখিয়েছে।

সেই ম্যাচটিতেও দারুণ লড়াই হয়েছে। শেষ সময়ে এসে আরলিং হালান্ডের জোড়া গোলে এগিয়ে যায় নরওয়ে। আর যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন ব্রাজিলের নেইমার।

নরওয়ে এবং ইংল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী ১২ জুলাই, বাংলাদেশ সময় রাত তিনটায়।

ইংল্যান্ডের বড় তারকা হ্যারি কেইন, নরওয়ের আরলিং হালান্ড। কোয়ার্টার ফাইনালে তাদের দুইজনের লড়াইটা ভালোই উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।

এমএমআর