কুলাউড়ায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধের নিচে স্থানীয় কুরপান আলীর মালিকানাধীন জমিতে অবৈধভাবে পাইপ স্থাপনের সময় মাটি চাপায় নিহত হন দিনমজুর বিজয় মালাকার (৪৫)। ঘটনাটি নিষ্পত্তির জন্য সালিশি বৈঠকের নিহত বিজয়ের পরিবারকে ৩০ শতক জমি ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিযুক্ত কুরপান আলী। কিন্তু ঘটনার ছয় মাস অতিবাহিত হলেও প্রতিশ্রুত ক্ষতিপূরণ না পাওয়ায় আদালতের দ্বারস্থ হন নিহতের পরিবার। নিহতের পরিবার জানায়, কুরপান আলী ২০২৫ সালের ১৫ ডিসেম্বর রাতে বিজয় মালাকারকে জোরপূর্বক তার বাড়ি থেকে ডেকে নিয়ে সরকারি টাকায় নির্মিত বাঁধের নিচে প্রায় ২০-২৫ ফুট গভীর গর্ত করেন। ওই সময় বিজয়কে গর্তে পাইপ বসানোর জন্য বললে বিজয় রাজি হননি। কিন্তু প্রভাবশালী কুরপান আলী ভয়ভীতি ও হুমকি দিয়ে বিজয়কে দিয়ে পাইপ বসানোর জন্য বলে। গভীর গর্তে নামামাত্রই বেড়ি বাঁধের মাটি ধসে পড়লে ঘটনাস্থলে বিজয় মারা যান। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী জানান, ঘটনার পর নিহতের পরিবারের ভরপোষণের জন্য ৩০ শতক জমি রেজিস্ট্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

কিন্তু অভিযুক্ত কুরপান আলী এখন নানা টালবাহানা শুরু করেছেন। কুরপান আলী বলেন, এটি নিষ্পত্তি করতে আমার কোনো সমস্যা নেই। তারা এখন আদালতে মামলা করেছে। এখন আইনে যা হওয়ার হবে।

এসআই মুহিত মিয়া জানান, নিহত বিজয়ের পরিবারকে বলেছি মামলা করার জন্য।